২৬ শে’র নির্বাচন হবে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন- মামুনুল হক
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, আসন্ন ২৬ শে’র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের গণমানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচন হবে সংস্কার ও পরিবর্তনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন।
সোমবার (২রা ফেব্রুয়ারী) সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে মাদারীপুরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে অনুষ্ঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজৈর–মাদারীপুর) থেকে ১১ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবহানের পক্ষে।
আল্লামা মামুনুল হক আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার ও ন্যায্য জীবনের অধিকার থেকে বঞ্চিত। আসন্ন নির্বাচন সেই বঞ্চনার অবসান ঘটানোর একটি ঐতিহাসিক সুযোগ। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ এবং জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আবদুস সোবহান খান।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মোকলেছুর রহমান, সেক্রেটারি এনায়েত হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





