সাভারে চাঁদা দাবির জেরে হামলা, আহত ৩
স্টাফ রিপোর্টার:
সাভারে জমি ক্রয়কে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগের জেরে প্রতিপক্ষের হামলায় একজনকে কুপিয়ে গুরুতর জখম সহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ২০২৫ তারিখে শিরিন আক্তার গং-এর মালিকানাধীন সাভারের গেন্ডা মৌজায় অবস্থিত ৩ শতাংশ জমি তিনি ও তার চাচাত ভাই কোরবান আলী (৪৫) ক্রয়ের উদ্দেশ্যে বায়না করেন।
বায়নার বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আশরাফুল ইসলাম আরিফ (৪৪), জজ মিয়া (৫০), আল আমিন ওরফে (২৭), সজিব (২৮), সোহাগ (৩৫), রানা (৩২), মিলন (৩২) ও সাব্বির (২৬) সহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জন তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বায়নাকৃত সম্পত্তির গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে এবং ভুক্তভোগী ও তার পরিবারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকে।
অভিযোগে আরও বলা হয়, এরই জেরে গত ২ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাইজুদ্দিন, তার চাচাত ভাই কোরবান আলী এবং সজিব হোসেন (২৩) গেন্ডায় বায়নাকৃত বাড়ির পাশের বি-৮/১৫ নম্বর বাসায় অবস্থানকালে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্রসহ সেখানে হাজির হয়। তারা জোরপূর্বক তাদের ঘর থেকে টেনে বাইরে নিয়ে যায়। একপর্যায়ে ১, ২, ৩ ও ৪ নম্বর অভিযুক্ত রামদা, লোহার রড, সুইচ গিয়ার ও চাপাতি দিয়ে কোরবান আলীকে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভাইকে বাঁচাতে গেলে তাইজুদ্দিন ও সজিব হোসেনকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও ছেঁড়া জখম করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পুনরায় প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে পরিবারের সদস্যরা আহত কোরবান আলীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগ রয়েছে, এ খবর পেয়ে অভিযুক্তরা সেখানে গিয়েও ভুক্তভোগীর ভাগিনা আলিফকে মারধর করে আহত করে।
এ বিষয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





