রংপুরে লাঙ্গলের ঢেউ, জিএম কাদেরের জাদু
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি—
রংপুর সদর উপজেলার মমিনপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা জিএম কাদেরের নেতৃত্বে লাঙ্গল প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগে নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত মমিনপুর বাজার, আশপাশের সড়ক, পাড়া-মহল্লা এবং নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে এই গণসংযোগ পরিচালিত হয়। এ সময় জিএম কাদের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের কথা শোনেন এবং লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে জিএম কাদের বলেন, “দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে আছে। আমরা রাজনীতি করি মানুষের জীবনমান উন্নয়নের জন্য। লাঙ্গল প্রতীক মানেই উন্নয়ন, শান্তি ও ন্যায়ের রাজনীতি।” তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি।
এ সময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে জাতীয় পার্টির পরিকল্পনা তুলে ধরেন। সাধারণ মানুষও নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে তিনি সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।
গণসংযোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, রংপুর মহানগর ও সদর উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা লাঙ্গল প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জিএম কাদেরের উপস্থিতিতে এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। অনেকেই তার সঙ্গে ছবি তোলেন এবং সমর্থনের কথা জানান। গণসংযোগ শেষে নেতাকর্মীরা বলেন, এই জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে লাঙ্গল প্রতীকের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।





