হাদি হত্যার দ্রুত বিচারের দাবি রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির
রাবিপ্রবি প্রতিনিধিঃ দ্রুত শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি।
৬ ফেব্রুয়ারি,(শুক্রবার) রাত ১০.৩০ ঘটিকায় ভার্চুয়াল মাধ্যমে সংগঠনটির আয়োজিত ‘গণভোট (জুলাই সনদ বাস্তবায়ন)’ বিষয়ক আলোচনা সভায় তারা এ দাবি জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ আয়নুল ইসলাম এবং প্রধান আলোচক ছিলেন সংগঠনের সদস্য ফয়সাল আহমেদ।
আলোচনা সভায় রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির প্রচার সম্পাদক মোসাদ্দেক হোসেন কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপ ছাড়াই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি বা পিবিআই-এর মাধ্যমে সঠিক তদন্ত নিশ্চিত করার দাবি জানান।
ইংরেজি বিতর্ক সমন্বয়ক নকিবুল আবছার শাওন দ্রুত বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন এবং প্রয়োজনে জাতিসংঘের কাছে এর বিচার বাস্তবায়নের দাবি জানানোর অনুরোধ করেন।
প্রধান অতিথি মোঃ আয়নুল ইসলাম বলেন, “শহীদ ওসমান হাদি ছিলেন আগ্রাসন, দুর্নীতি ও আধিপত্যবাদ বিরোধী এক নির্ভীক সৈনিক। এ সমাজ তাকে বেঁচে থাকতে দেয়নি। আমাদের সকলের উচিত যার যার জায়গা থেকে হাদি হত্যার বিচারের দাবি জানানো এবং হাদির দেখানো সাংস্কৃতিক বিপ্লবের পথকে নিজের মধ্যে ধারণ করা ও সবার মাঝে ছড়িয়ে দেওয়া।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি সঞ্চিতা চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদুল মারুফ, সদস্য সাবহা ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান আলোচক ফয়সাল আহমেদ গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত, সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে ‘টার্গেট কিলিং’ বন্ধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণারত অবস্থায় এই হামলার শিকার হন এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন।





