শাহজাদপুরে ১১ দলীয় জোটের জনসভা: ভোট ডাকাতির চেষ্টা করলে পালানোর জায়গা পাবেন না, হাসনাত আব্দুল্লাহ
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিগত তিনটি নির্বাচনে এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, ভোটের আগের রাতে কনস্টেবলকে খাম পাঠাতে হতো। এবার যদি কেউ কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্য নিয়ে খেলেন-তাহলে পালানোর জায়গা পাবেন না।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী ১০০ বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে-তা নির্ধারিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে।
তিনি বলেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। আমরা শুধু হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনা কাঠামোরও পরিবর্তন চেয়েছি, স্বৈরতন্ত্রেরও পরিবর্তন চেয়েছি। যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন-কিন্তু দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না। জনগণের নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা আমরা দেবো।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মোফাজ্জল হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের হাতে আনুষ্ঠানিকভাবে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দেওয়া হয়।





