শার্শার বাগআঁচড়ায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী গণমিছিল ও পথসভা
জাকির হোসেন,বেনাপোল(শার্শা)
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আশরের নামাজের পর সাতমাইল গরুর হাট প্রাঙ্গণ থেকে নির্বাচনী গণমিছিলটি বের হয়ে বাগআঁচড়া বাজার পপ্রক্ষিণ করে বেলতলা ফলের হাটে গিয়ে শেষ হয়। এর আগে সাতমাইল গরুর হাট প্রাঙ্গণে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগআঁচড়া, কায়বা ও গোগা ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত এ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।
বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমেই দেশ ও জাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকল ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, পূর্বের মতো পাতানো নির্বাচন এবার আর হবে না। কেউ যদি মনে করেন এবারের নির্বাচনও আগের নিয়মে হবে-তাহলে তা ভুল ধারণা। কোনো ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করা হলে সাধারণ জনগণ তা শক্ত হাতে প্রতিহত করবে।
এ সময় তিনি দল-মত, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান বলেন, জনগণের আশা-আকাঙ্খা বাস্তবায়নে ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু নেতৃত্ব অপরিহার্য। তিনি ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, সাবেক আমির ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর, আসন পরিচালক রেজাউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, এনসিপির শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদ-উদ-দৌলাসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় যুব ও ছাত্রনেতৃবৃন্দ।




