পঞ্চগড়ে পোষ্টার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সংঘর্ষ, দুই দলের ৬ জন আহত
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে বিএনপির ধানের শীষের কর্মী ও জামায়াতে ইসলামীর কর্মী শাপলাকলী মার্কার প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ দুই দলের ৬ জন গুরুতর আহত হয়েছে। আহতরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতা ও আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
গতকাল সোমবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার ধামোর ইউনিয়নের গাছবাড়ি এলাকায় ধানের শীষের ব্যানার ছিড়ে ফেলাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে।
বিএনপির আহতরা হলেন ধামোর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম (৫০), বিএনপি কর্মী ধজিবুল (৩০) ফজলার (৩২), জুয়েল (১৭)। তাদের বাড়ি ধামোর ইউনিয়নে। জামায়াতে ইসলামীর অপর দুইজন আহতদের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশরাফুলের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে নেওয়া হয়েছে।
ধামোর ইউনিয়ন বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসীরা জানান, সোমবার রাতে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ধামোর ইউনিয়নের রমজানপাড়া এলাকায় শাপলা কলি মার্কার মিছিল বের করে এ সময় মিছিল থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রমজান পাড়া ইব্রাহিমের দোকানের সামনে ধানের শীষের ব্যানার ছিড়ে ফেলে।
জামায়াতে ইসলামীর লোকজন জানান, তারা আটোয়ারী বাজারে শোডাউন শেষে ফেরার পথে রাস্তায় গাছের গুড়ি ফেলে পথরোধ করে মারপিট করে। এঘটনায় ১জন নারী ১জন পুরুষ আহত হয়।
এঘটনায় বিএনপির লোকজন জানান, আশরাফুল তার লোকজন নিয়ে প্রতিবাদ করলে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর হামিদুল ইসলামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জমায়াতের কর্মীদের সাথে আশরাফুল আলমের হাতাহাতি হয়। এলাকাবাসীদের সহযোগীতায় আহতদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে সংঘর্ষর খবর পেয়ে ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আহতদের দেখতে আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং ঘটনাস্থলে গিয়ে ফেসবুকে লাইভ করে তার নেতাকর্মীদের উপর হামলা হয়েছে বলে দাবী করেন এবং বিএনপির হামলাকারী জড়িতদের বিচার দাবী করেন।
অন্য দিকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ধানেরশীষ মার্কার প্রার্থী ব্যারিষ্টার নওশাদ জমির আহতদের দেখতে রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। সেই সাথে তিনি সাংবাদিকদের বলেন আমার নেতাকর্মীদের উপর হামলা কখনোই কাম্য নয়। আইনশৃংখলা বাহিনীকে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, সোমবার রাতে রমজান পাড়া এলাকায় শাপলা কলি এবং ধানের শীষ কর্মী সমর্থকদের মাধ্য সংঘর্ষের খবর শুনে দ্রুত ঘটানাস্থলে পুলিশ বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এই ঘটনার সাথে জড়িতদের বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




