শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব আসার পথে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২
মোঃ মাকসুদুর রহমান
শেরপুর প্রতিনিধি
শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রোকনুজ্জান রুকন (৩১) ও মাহফুজা খাতুন (১৯)। রোকনুজ্জান রুকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।
অপর নিহত মাহফুজা খাতুন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কাতলামারি গ্রামের নিরবের স্ত্রী।
দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জান রুকনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজা খাতুনও মারা যান।
নিহত রোকনের ছোট ভাই রবিন জানান, গত সোমবার পারিবারিক কাজে রুকন বাড়িতে যান। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার স্থলে অন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা রয়েছে বলে তিনি জানান।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




