সিরাজগঞ্জে রেলওয়ের জায়গায় হকার পুনর্বাসন, পাশে পুকুর ভরাট করে সিএনজি স্ট্যান্ড
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহরে বাংলাদেশ রেলওয়ে-এর জায়গায় হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে পাশের একটি ছোট পুকুর আংশিক ভরাট করে সেখানে অস্থায়ী সিএনজি স্ট্যান্ড নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ বাজারে স্টেশন ট্রেনের টিকিট কাউন্টারের পাশের বটতলা খালি জায়গায় হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে জেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ শহরের বিভিন্ন ফুটপাতে দীর্ঘদিন ধরে ফল, কাপড়সহ নানা ধরনের পণ্যের হকাররা ব্যবসা করে আসছিলেন। শহরের ফুটপাত দখলমুক্ত রাখা এবং হকারদের নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ দিতে প্রশাসনের পক্ষ থেকে তাদের ওই স্থানে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বটতলার পাশে থাকা একটি ছোট পুকুর আংশিক ভরাট করে সেখানে অস্থায়ী সিএনজি স্ট্যান্ড তৈরির কাজও শুরু হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী শহরের হকারদের এখানে পুনর্বাসন করা হচ্ছে। একইসঙ্গে সেখানে একটি অস্থায়ী সিএনজি স্ট্যান্ডও করা হচ্ছে।
সিরাজগঞ্জ বাজারের স্টেশন মাস্টার অলিউল্লাহ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
জানা গেছে, সিরাজগঞ্জ শহরের বিভিন্ন ফুটপাতে থাকা ফলের দোকান, কাপড়ের দোকানসহ বিভিন্ন ধরনের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের এই স্থানে স্থানান্তর করে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈশতিয়াক খাঁন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আঃ বাছেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত কবির, নূর মোঃ আবিদুল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) নিয়ামত আলী খান হিমেল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন খন্দকার।





