গুণী সাংবাদিকের বিদায়, শোকের ছায়া তারাগঞ্জে
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার আলমপুর ইউনিয়নে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আলহাজ্ব আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দৈনিক বাংলা, দিনকালসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি তিনি সাপ্তাহিক ‘চিকলী’ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে তারাগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





