ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সংবর্ধনা
কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর-১ আসনের সংসদ সদস্য এম. এ হান্নান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন এবং সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে শুভেচ্ছা জানিয়ে জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছায় নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নেন এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে অভিনন্দন জানান।





