এনায়েতপুরে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে অভিমান করে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটের মধ্যে এনায়েতপুর থানাধীন আংশিক দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম শেখ (২১) মাধবপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কাদের শেখের ছেলে ও সাবিনা খাতুনের সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর থেকে শামীম তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করতেন। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন এবং প্রতিবন্ধী ভাতা পেতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম শেখ ডেন্ডি আঠা জাতীয় নেশায় আসক্ত ছিলেন। ঘটনার দিন তিনি তার ছোট খালা রাবেয়া খাতুন (২৪)-এর কাছে নেশার জন্য টাকা চান। খালা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি অভিমান করে নিজ টিনের ছাপড়া ঘরের কাঠের বাটামের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে রাবেয়া খাতুন খাবারের জন্য ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে পাশের বাড়ির শাহজাহান হোসেন (৪৫)-কে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে শামীমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় এসআই ফরিদ উদ্দিন সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





