নওগাঁয় পারিবারিক কলহে স্বামীর আঘাতে গৃহবধূ নিহত
নওগাঁর পোরশা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর আঘাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার শীতলী ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ মোসাম্মাৎ মর্জিনা বেগম রূপসী (পিতা: মোহাম্মদ মশিউর রহমান) স্বামী মোঃ আব্দুল মোকিম আলীর (পিতা: মৃত অলিদ) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবনযাপন করছিলেন। ঘটনার দিন দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্বামী আব্দুল মোকিম আলী ঘরের ভেতরে স্ত্রীকে প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় সোপর্দ করে। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হবে।





