সিবিআইইউতে আইনজীবী সংবর্ধনা: বার কাউন্সিলে উত্তীর্ণ ৩৪ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল অর্জন,
আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) থেকে বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৩৪ জন শিক্ষার্থী আইনজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন দৃঢ় মনোবল ও নিরলস পরিশ্রম। সিবিআইইউ’র শিক্ষার্থীরা সেই প্রমাণই দিয়েছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান থেকেই দেশের বিচার বিভাগে নেতৃত্ব দেবে নতুন প্রজন্ম।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) ড. মো. আবু হানিফ, ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষক রায়হাতুল গীর কসবা। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষার্থীরা, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (এইচআর) খুরশীদুর রহমান, রেজিস্ট্রার রাজিদুল হক, সহকারী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) ইমাম খাইর, সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীরসহ আইন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মুয়াজ্জম মোরশেদ ও নুসরাত জাহান। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষকদের আন্তরিকতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন আইন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান।
শেষপর্যায়ে বার কাউন্সিলে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। আনন্দ, গর্ব ও প্রত্যাশার আবহে সমাপ্ত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।





