শাহরাস্তিতে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী ও এক মামলার আসামী গ্রেফতার
এইচ এ বাবলু:
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ২১ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী এবং একটি নিয়মিত মামলার ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত পৃথক অভিযানে এসআই (নিঃ) আরিফ হোসাইন, এসআই (নিঃ) মো. শরিফুল ইসলাম, এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
প্রথম অভিযানে গত ২৪ জুন উপজেলার হোসেনপুর বাজার এলাকায় হোসেনপুর এনএসএইচ ক্যাডেট মাদরাসার সামনে অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে একই দিনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উপলতা এলাকার ভিংরা-ঠাকুর বাজার সড়কের জজের মসজিদের সামনে অভিযান পরিচালনা করে আরও ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আরাফাত হোসেন (২৩), মিশন (২০) ও মোবারক হোসেন (২৩)। তাদের কাছ থেকে মোট ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় পৃথক একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
এদিকে নিয়মিত মামলার আসামী গ্রেফতার অভিযানে উপজেলার প্রসন্নপুর এলাকায় অভিযান চালিয়ে আনিছুর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি শাহরাস্তি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ প্রহরায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে।





