সিরাজগঞ্জে চারদিনব্যাপী মাদকবিরোধী ক্যাম্পেইনের সমাপনী, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ
ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে চারদিনব্যাপী মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি, প্রদর্শনী, বিতর্ক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় সিরাজগঞ্জের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্যাম্পেইনের অংশ হিসেবে গত চারদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কুইজ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম (শাহীন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং সরকারি রাশিদুজ্জোহা মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা সালমা হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম (শাহীন) বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ এবং জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদক মানুষের মস্তিষ্ক, লিভার, কিডনি ও শারীরিক সক্ষমতার ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। তাই সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, মাদকাসক্তি একটি রোগ, যা একজন মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করে দেয়। সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই মাদক প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, মাদক গ্রহণকারী বন্ধুদের এড়িয়ে চলতে হবে। পরিবার ও শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। খেলাধুলা, বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সময় ব্যয় করলে তরুণরা মাদক থেকে দূরে থাকতে পারবে। মানসিক চাপ বা সমস্যায় পড়লে বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং মাদক সম্পর্কে সঠিক তথ্য জেনে অন্যদেরও সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের হাতে দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই মাদকমুক্ত, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, তার পরিবার, শিক্ষা, কর্মজীবন এবং সামাজিক অবস্থানকেও ধ্বংস করে দেয়। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
অনুষ্ঠান শেষে কুইজ, আবৃত্তি, প্রদর্শনী ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করে এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।





