ভোলার বোরহানউদ্দিনে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ আটক ২
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন থানাধীন কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মাদিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মো. ছলিমুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় দুইজনকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চরটিটিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মৃত ছিদ্দিক মাঝির ছেলে মো. আলমগীর মাঝি (৫০) এবং টবগী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মো. মোসলে উদ্দিনের ছেলে মো. নিজাম পণ্ডিত (৩০)। তারা উভয়েই বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





