নওগাঁয় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর রাণীনগরে তৃতীয় শ্রেণির ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে।
আটক মোজাম্মেল হক মোজা উপজেলার পারইল গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
শিশুটির পরিবারের অভিযোগ, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার পর সহপাঠীদের সঙ্গে পারইল বাজারে খাবার সামগ্রী কিনতে মোজাম্মেল হকের দোকানে যায় শিশুটি। অন্য সহপাঠীরা কেনাকাটা করে চলে গেলেও দোকানদার মোজা শিশুটিকে ডেকে দোকানের ভেতরে নিয়ে যান বলে অভিযোগ।
পরিবারের দাবি, সেখানে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত বৃদ্ধকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মোজাম্মেল হক মোজাকে আটক করে থানায় নিয়ে যায়।
শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা মোজাম্মেল হককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




