কেরানীগঞ্জে বাড়িতে ২৫০ গ্যাস সিলিন্ডার মজুদ, ৪০ হাজার টাকা জরিমান
ঢাকার কেরানীগঞ্জে বাসাবাড়িতে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের শাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা এনএসআই, ঢাকার তথ্য ও সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযান চালিয়ে মেসার্স লিজা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ইলিয়াসের উঁচু প্রাচীরঘেরা বাড়ির ভেতর থেকে পেট্রোম্যাক্স এলপিজি ব্র্যান্ডের ১২ কেজি ওজনের ২৫০টি রিফিল করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোহাম্মদ ইলিয়াস রোহিতপুর বাজারের লাইসেন্সপ্রাপ্ত এলপিজি সিলিন্ডার ডিলার। তার বাজারে বৈধ গোডাউন থাকা সত্ত্বেও বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখার অভিযোগে অভিযান চালানো হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব সিলিন্ডার বাড়িতে মজুদ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারার ৬(১) অনুযায়ী মোহাম্মদ ইলিয়াসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।





