প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা
তরিকুল মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি:
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে আনন্দ মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে হযরত খানজাহান (রহ.) মাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমনকে কেন্দ্র করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর আগমন উপলক্ষে ইতোমধ্যে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে আসবেন। এ সময় মহাসড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়ে তাঁকে অভ্যর্থনা জানাবেন।
পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক জুয়েল, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা থেকে সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজারে এসে জিয়ারত করার কথা রয়েছে।





