ভোলায় এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
মোঃ ইয়াছিন আরাফাত শান্ত: ভোলা প্রতিনিধি || ভোলা সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১০ই মার্চ) সকাল ৮ টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর তুলাতুলি বাজারের পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, নজরুল ইসলাম পালোয়ান, মোহাম্মদ শরীফ ও আরিফসহ অজ্ঞাত আরো ৪/৫জন। তাদের সকলের ঠিকানা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দা।
আহত, কামরুল ইসলাম ভোলা সদর উপজেলার রাজাপুর জনতা বাজারের পশ্চিম পাশ্বের ছগির আহম্মেদ ফরাজীর ছেলে।
আহত কামরুল ইসলামের পিতা ছগির আহম্মেদ ও কর্মস্থলের মালিকের সাথে কথা বলে জানা যায়, কামরুল ইসলাম রাজাপুর শ্যামপুর এলাকায় সেখানকার স্থানীয় একটি ব্রিক ফিল্ডের ইট ক্রয়-বিক্রয়ের দায়িত্বসহ ট্রাক চালক হিসেবে কাজ করে আসছেন। কাজের সুবাধে প্রতিদিন তিনি রাজাপুর ইউনিয়নের জনতা বাজার তার নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল শ্যামপুরে আসা যাওয়া করেন। প্রতিদিনের মত ঘটনারদিনও বাসা থেকে ইট বিক্রির প্রায় ৫ লাখ টাকাসহ মোটরসাইকেল যোগে যাওয়ার সময় শ্যামপুর বাজারের পশ্চিম পার্শ্বে গেলে সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা নজরুল ইসলাম পালোয়ান, শরীফ ও আরিফসহ আরো অজ্ঞাত ৪/৫জন মিলে কামরুল ইসলামের মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে সেন্সলেস করে কামরুল ইসলামের সাথে থাকা ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায়, এসময় স্থানীয় ও পথচারীরা কামরুল ইসলামকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে দেখে আহত কামরুল ইসলামের সাথে থাকা মুঠোফোন দিয়ে ঘটনাটি বাসায় জানালে তার আত্মীয় স্বজন ও কর্মস্থলের মালিকসহ ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় এ্যাম্বুলেন্স যোগে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহত কামরুল ইসলাম ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ প্রতিবেদন লেখা অবধি আহত কামরুল ইসলাম স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আত্মগোপনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন আহমেদ পারভেজ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





