কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি পদে সর্ব মহলে আলোচনায় সুমি ইসলাম বৈশাখী
নিজস্ব প্রতিবেদক |
দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কঠিন সময়কে সামনে রেখে “বাংলাদেশ ছাত্রলীগ”-এর বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় বরগুনার কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি পদে আলোচনায় উঠে এসেছে কাকচিড়া ইউনিয়নের সর্বোচ্চ আওয়ামী লীগ পরিবারের সন্তান নারী নেত্রী সুমি ইসলাম বৈশাখীর নাম।
দলীয় তৃণমূলের একাংশের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সুমি ইসলাম বৈশাখী নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন। তারা মনে করছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারী নেতৃত্ব সংগঠনে নতুন গতি আনতে পারে।
জানা গেছে, সুমি ইসলাম বৈশাখী কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিত্ব সেলিম পহলানের কন্যা। পাশাপাশি তার নানা মরহুম আবুল হাশেম (হাশেম প্রেসিডেন্ট) ছিলেন কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান। এছাড়া তার মামা আলাউদ্দিন পল্টুও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি দলের দুঃসময়ে মাঠে সক্রিয় থাকার কারণেও বৈশাখীর প্রতি তৃণমূলের সমর্থন বাড়ছে। অনেকেই মনে করছেন, নতুন প্রজন্ম ও নারী নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে আরও সুসংগঠিত করা সম্ভব হবে।
তবে সভাপতি পদ নিয়ে এখনো কেন্দ্রীয় বা জেলা পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই আগামী কমিটিতে নেতৃত্ব নির্বাচন করা হবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ ও নারী নেতৃত্বকে মূল্যায়ন করা হলে তা সংগঠনের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের নতুন নেতৃত্ব নিয়েও তাই তৃণমূলের মাঝে চলছে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা।





