চিরিরবন্দরে পার্টনার ফিল্ড স্কুলের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত।
এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
কৃষির উন্নয়ন, পুষ্টি বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে টেকসই করার লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে “পার্টনার ফিল্ড স্কুল”-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৭ এপ্রিল) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপ সহকারী কৃষি কমকর্তা মিনহাজুল হক নবাবের সঞ্চালনায় উপ সহকারী কৃষি কমকর্তা আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কমকর্তা রেজাউল করিম।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, সুষম সার প্রয়োগ, মানসম্পন্ন বীজ ব্যবহার এবং কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি গ্রামীণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও বীজ উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দশ সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন কৃষক-কৃষাণিকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টি উপযোগী নিরাপদ ফসল উৎপাদন ও জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।





