“তারাগঞ্জে সংবর্ধনায় এমপি: অন্যায়ের সঙ্গে আপস নয়, সবার জন্য সমান অধিকার”
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “সরকারকে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে।” শুক্রবার (২৭ মার্চ) রংপুরের তারাগঞ্জে তাকে দেওয়া এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারাগঞ্জ উপজেলার স্থানীয় ও/এ কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এই গণসংবর্ধনায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল হান্নান খান, বদরগঞ্জ উপজেলার নায়েবে আমির শাহ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়াকুব আলী এবং এমপির প্রতিনিধি মো. আমিনুল ইসলামসহ দলীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সংবর্ধনা মঞ্চে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এমপি এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, “আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানাই, যিনি আমাকে কঠিন সময় অতিক্রম করে আজ আপনাদের সামনে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। ফাঁসির মঞ্চ থেকে আজ আমি আপনাদের মঞ্চে—এটি আল্লাহর বিশেষ রহমত।”
তিনি আরও বলেন, “আপনাদের ভোটে আমি সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনারা আমার ওপর আস্থা রাখবেন—সরকারি যে বরাদ্দ আসবে, তা সুষ্ঠুভাবে আপনাদের মাঝে বণ্টন করা হবে।”
দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে তিনি স্পষ্টভাবে বলেন, “আমি জামায়াতে ইসলামী করি বলে দলীয় নেতা-কর্মীদের বেশি সুবিধা দেওয়া হবে—এমনটি কখনোই হবে না। সরকারি সুযোগ-সুবিধা সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে—এটাই আমার অঙ্গীকার।”
এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, “কেউ আমার কাছে কোনো অন্যায় আবদার করবেন না। সে যেই হোক—আমি অন্যায়ের সঙ্গে কখনো আপস করব না।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সাধারণ জনগণ সংসদ সদস্যের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তিনি এলাকার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।




