পাইকগাছায় বিভাগীয় কমিশনারের সফর: ভূমি অধিগ্রহণের চেক বিতরণ, বিভিন্ন দপ্তর পরিদর্শন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলায় সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ করেছেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।
সোমবার (২৯ জুন) তিনি পাইকগাছা উপজেলায় আগমন করেন। এসময় ‘বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিগ্রস্ত ১১ জন ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
পরে বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং পাইকগাছা পৌরসভার পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বিভাগীয় কমিশনারের এ সফরকে কেন্দ্র করে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম ও সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।




