ফরিদগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১ মে) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ৯ টায় পৌরসভার বাসস্ট্যান্ডে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।
প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন মিয়াজি বলেন, ‘আজকের এই উন্নত সভ্যতার পেছনে খেটে খাওয়া মেহনতি মানুষের অবদান সবচেয়ে বেশি। শ্রমিকরাই আমাদের প্রকৃত ভিআইপি। তাঁরা হাড়ভাঙা পরিশ্রম করে দেশের উৎপাদন সচল রাখছেন। অথচ আমাদের দেশে অনেক ক্ষেত্রে শ্রমিকদের যথাযথ পাওনা পরিশোধ না করে অন্যায়ভাবে ছাঁটাই করা হচ্ছে, যা শ্রম আইনের পরিপন্থী।’
তিনি আরও বলেন, ‘ইসলাম শ্রমিক ও মালিকের মধ্যে ভাই ভাই সম্পর্কের কথা বলেছে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাঁর পারিশ্রমিক পরিশোধ করার তাগিদ দিয়েছে ইসলাম। এই নীতি আদর্শ মেনে চললে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।’
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারী কবির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিথি সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রধান, মাও. ইয়াহিয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর বাসস্ট্যান্ড এর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।




