সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নারী পুরুষ সহ আহত ৮
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আরেক পরাজিত প্রার্থী ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় শহিদুল আলমের পক্ষের ৫ জন আহতের খবর পাওয়া গেছে।রোববার (১৫ ফেব্রুয়ারি) এই ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. জুয়েল হোসেন। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার সংলগ্ন মোজাম মোড়ে এই ঘটনা ঘটে।আহতদের মধ্যে রয়েছেন, মীর শাহিনুর, আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লুটন মীর,হাসানুজ্জামান লিটনের স্ত্রী অজিফা বেগম (২৪) ,মীর মনিরুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৩৪) ও শিমুল মীরসহ আরও কয়েকজন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ডা. শহিদুল আলমের ‘ফুটবল’ প্রতীকের কয়েকজন কর্মী মোজা মোড়ে অবস্থানকালে প্রতিপক্ষের একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করলে কয়েকজন রক্তাক্ত জখম হন। ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ফতেপুর বাঁশতলা এলাকার নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইদ্রিস আলী সরদার, ফিরোজ ঢালী, মোস্তাফিজুর পাড়, শাহিনুর কারিকর ও আলতাফ হোসেন এই হামলায় অংশ নেন।তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কালিগঞ্জ থানার ওসি মো. জুয়েল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





