পাইকগাছা পুলিশের সাফল্য: অপহৃত কিশোরী উদ্ধার, আসামি আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার প্রধান আসামিকে খাগড়াছড়ির রামগড় থানা এলাকা থেকে আটক এবং অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার ঘোষাল এলাকার মৃত ছবিদুল গাজীর মেয়ে সাদিয়া আক্তার তন্নী (১৫)কে গত ৮ জুন প্রেমের সম্পর্কের সূত্র ধরে পাহাড় দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যায় খাগড়াছড়ি জেলার রামগড় থানার সোনাইপুল গ্রামের মৃত মোস্তফার ছেলে ইমন (২০)।
এ ঘটনায় তন্নী নিখোঁজ হওয়ার পর গত ১১ জুন তার পরিবার পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। জিডির ভিত্তিতে থানা পুলিশ তদন্ত শুরু করে এবং উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। সর্বশেষ এ ঘটনায় ২৮ জুন ভিকটিমের মামী বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-২৩।
এদিকে তদন্তের ধারাবাহিকতায় রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে রামগড় থানা পুলিশের সহযোগিতায় রামগড় থানার সোনাইপুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমনের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই সময় অপহৃত কিশোরী সাদিয়া আক্তার তন্নীকেও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানটি পরিচালিত হয় অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজার সার্বিক দিকনির্দেশনায় এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে। অভিযানে নেতৃত্ব দেন এসআই সুকান্ত বিশ্বাস ও থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুর রহমান।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বলেন, জিডির পর থেকেই পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। উন্নত প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামির অবস্থান শনাক্ত করতে আমরা সক্ষম হই এবং ভিকটিমকে উদ্ধার ও আসামিকে আটক করে সোমবার ভোরে পাইকগাছায় আনা হয়েছে। তিনি আরো জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।





