সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ তাড়াশে দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে যৌথ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত রবিবার (২৮ জুন) বিকেলে তাড়াশ থানাধীন ঢাকা-রাজশাহী মহাসড়কের চরহামকুড়িয়া গ্রামের ০৯নং ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়। র্যাব-১২ এর সদর কোম্পানি এবং র্যাব-৩ এর সিপিসি-২ (মগবাজার) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ কোতয়ালী থানার গলগন্ডা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লা সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ ফারুক (১৯)।
সোমবার (২৯ জুন) সকালে র্যাব-১২ এর সদর কোম্পানির কমান্ডার মেজর তাবলীজ তাজওয়ার শরীফ লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এই যৌথ মাদকবিরোধী অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে পিকআপ ভ্যানে করে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র্যাবের এ ধরনের মাদক উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।





