কারিতাসের উদ্যোগে কৃষকদের অভিজ্ঞতা বিনিময় সফর ও সভা অনুষ্ঠিত
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় কারিতাস আলোক-২ প্রকল্পের আয়োজনে কৃষকদের অভিজ্ঞতা বিনিময় সফর ও সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার, ২৫ মে ২০২৬ ইং তারিখ সকাল ১১টায় হালুয়াঘাট উপজেলার গবড়াকুড়া এলাকায় এই সভার আয়োজন করা হয়। এতে কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
সভায় কৃষকরা নিজেদের চাষাবাদ পদ্ধতি, সমস্যা ও সফলতার অভিজ্ঞতা একে অপরের সঙ্গে বিনিময় করেন। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, জলবায়ু সহনশীল ফসল উৎপাদন এবং বাজারজাতকরণ বিষয়ে আলোচনা হয়।
কারিতাস আলোক-২ প্রকল্পের কর্মকর্তারা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি নিশ্চিত করতেই এ ধরনের বিনিময় সফরের আয়োজন করা হয়েছে। এতে কৃষকরা সরাসরি মাঠ পর্যায়ে ভালো চর্চাগুলো দেখে নিজ এলাকায় প্রয়োগ করতে পারবেন।




