কালাইয়ে জমি নিয়ে আদালতে মামলা, হয়রানির প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
জাহিদুল ইসলাম জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাই উপজেলার কৃষ্টপুর মৌজার ১২ একর ৬৫ শতক জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন বিবাদী পক্ষের মো. মহসিন আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ১৯৩২ সালে জমিদার কালীকেশ চন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে আব্দুল মজিদ ফকির ও মারফত জামান ফকির ওই সম্পত্তি পত্তন গ্রহণ করেন। এরপর থেকে তারা দীর্ঘদিন জমিটি ভোগদখল করে আসছেন এবং তাদের নামে এমআরআর ৪২ নম্বর খতিয়ানও প্রস্তুত হয়।
মো. মহসিন আলী জানান, জমি নিয়ে ১৯৬৬-৬৭ সালে তৎকালীন বগুড়া জেলার RDC আদালতে মামলা হলে পত্তনের আমলনামা, খাজনার দাখিলা ও দখলের বিভিন্ন নথি আদালতে উপস্থাপন করা হয়। পরে আদালত মামলাটি খারিজ করেন বলে তিনি দাবি করেন। একই সম্পত্তি নিয়ে ১৯৯৪ সালে জয়পুরহাট সাব-জজ আদালতে ৭৭/৯৪ নম্বর মামলা দায়ের করা হলেও ১৯৯৭ সালে সেটিও খারিজ হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তিনি আরও দাবি করেন, পরবর্তীতে বিরোধটি উচ্চ আদালত পর্যন্ত গড়ালে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল নং-১৫২৭/২০২৫ দায়ের করা হয় এবং ৩০ এপ্রিল ২০২৫ তারিখে স্ট্যাটাস কো-এর আদেশ দেওয়া হয়।
মহসিন আলীর অভিযোগ, স্ট্যাটাস কো বহাল থাকা অবস্থায় জমিতে অনুপ্রবেশ ও দখলের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট দলিল, খতিয়ান, খাজনার দাখিলা ও আদালতের রায়-আদেশ যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জমি নিয়ে চলমান বিরোধের সুষ্ঠু সমাধানের দাবি জানানো হয়।




