সিডরের ১৯ বছর: সাতক্ষীরা উপকূলে আজও শুকায়নি সে ক্ষত
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
২০০৭ সালের ১৫ নভেম্বর। বাংলাদেশের উপকূলীয় জনপদের মানুষের কাছে এই তারিখটি কেবল একটি দিন নয়, বরং এক বিভীষিকাময় দুঃস্বপ্নের নাম। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী সুপার সাইক্লোন ‘সিডর’ যখন দক্ষিণ-পশ্চিম উপকূলের ওপর দিয়ে বয়ে যায়, তখন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরার উপকূলীয় জনপদে সেই রাতের ক্ষত আজও পুরোপুরি শুকায়নি।
সরকারি ও বেসরকারি বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, সিডরের মূল আঘাত বরগুনা ও বাগেরহাট অঞ্চলে বেশি তীব্র হলেও সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরা উপকূলেও এর তাণ্ডব ছিল ভয়াবহ।
সাতক্ষীরা জেলায় সিডরের আঘাতে সরকারি হিসাবে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছিলেন এবং আহত হয়েছিলেন কয়েকশ মানুষ।
জেলার সাতটি উপজেলায় এই দুর্যোগের প্রভাব পড়েছিল এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ২ লাখ ১২ হাজার ১৩৩ জন।
সাতক্ষীরার সুন্দরবনঘেঁষা শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদবেষ্টিত গাবুরা ইউনিয়নের নাপিতখালী, ডুমুরিয়া, সোরা এবং পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা ও কামালকাটি গ্রামের মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল। বেড়িবাঁধ ভেঙে নোনাপানি ঢুকে পড়ায় ফসলি জমি ও সুপেয় পানির উৎসগুলো নষ্ট হয়ে যায়।
১৯ বছর আগের সেই প্রলয়ঙ্করী রাতের কথা মনে করলে আজও শিউরে ওঠেন উপকূলবাসী। গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ষাটোর্ধ্ব জেলে আব্দুল করিম সেদিনের স্মৃতিচারণ করে বলেন, ১৫ নভেম্বর সন্ধ্যার পর থেকেই বাতাসের গর্জন বাড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে মনে হচ্ছিল আকাশ ভেঙে মাটিতে পড়ছে। খোলপেটুয়া নদীর পানি ফুলেফেঁপে বাঁধ উপচে গ্রামে ঢুকে পড়ে। চোখের সামনে নিজের ঘরটা উড়ে যেতে দেখেছি, পরিবার নিয়ে কোনোমতে পাশের একটি পাকা মসজিদে আশ্রয় নিয়ে বেঁচে ছিলাম। সিডর আমাদের ভিটেমাটি কেড়ে নিয়েছিল, কিন্তু নোনাপানির যে অভিশাপ দিয়ে গেছে, তা আজও বয়ে বেড়াচ্ছি।
একই এলাকার গৃহবধূ সকিনা বেগম বলেন, সিডরের পর আমাদের এলাকায় সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছিল সুপেয় পানির। সব পুকুর ও টিউবওয়েল নোনাপানিতে ডুবে গিয়েছিল। মাইলের পর মাইল হেঁটে খাবার পানি আনতে হতো। এখনো প্রতি বছর ১৫ নভেম্বর এলে বুকটা কেঁপে ওঠে।
সিডরের পর ২০০৯ সালে ‘আইলা’ এবং পরবর্তী সময়ে ‘আম্পান’, ‘ইয়াস’, ‘মোখা’ ও ‘রেমাল’-এর মতো প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বারবার সাতক্ষীরা উপকূলকে ক্ষতবিক্ষত করেছে। প্রতিটি দুর্যোগেই গাবুরা ও পদ্মপুকুরের মতো নিচু এলাকাগুলো সবার আগে প্লাবিত হয়।
নদীবেষ্টিত পদ্মপুকুর ইউনিয়নের একদিকে কপোতাক্ষ ও অন্যদিকে খোলপেটুয়া নদী। এখানকার মানুষের ঘরবাড়ি ও জীবিকা রক্ষার একমাত্র প্রাচীর এই বেড়িবাঁধ। তবে নদীভাঙনের পাশাপাশি কিছু মানবসৃষ্ট কারণেও বাঁধগুলো দিন দিন আরও দুর্বল হয়ে উঠছে। স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগ- ইউনিয়নের বিভিন্ন এলাকার স্লুইসগেট অকেজো ও বিকল থাকায় চিংড়িঘেরে পানি তোলার জন্য বাঁধের ওপর বা বাঁধ কেটে অবৈধ পাইপ বসিয়েছেন প্রভাবশালী ঘের মালিকরা। এসব পাইপের চারপাশ দিয়ে মাটি সরে গিয়ে বাঁধের কাঠামো চরম ঝুঁকির মুখে পড়েছে।
পদ্মপুকুরের খুটিকাটা এলাকার বাসিন্দা সেকেন্দার সানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আমাদের বুক কাঁপে। বাঁধ ভেঙে যাওয়ার পর জিও ব্যাগ বা নামমাত্র মাটি ফেলার নাটক না করে, দুর্যোগ আসার আগেই ঝুঁকিপূর্ণ অংশগুলো স্থায়ীভাবে সংস্কার করা দরকার।’
স্থানীয় যুবক রায়হানুল ইসলাম রাহাত বলেন, ‘বর্ষা বা জোয়ারের পানি বাড়ার আগেই নড়বড়ে স্থানগুলো মেরামত না করলে আসন্ন মৌসুমে পুরো জনপদ পানির নিচে তলিয়ে যেতে পারে। আমরা জোড়াতালি নয়, টেকসই বাঁধ চাই।’
শ্যামনগর উপজেলার বাসিন্দা নুরজাহান জানান, ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী সুপার সাইক্লোন ‘সিডর’ এর পর বসতভিটা খোলপেটুয়া নদীর ভাঙনে একাধিকবার বিলীন হয়েছে। এক স্থান থেকে অন্য স্থানে আশ্রয় নিতে নিতে শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে বন্যাতলা বেড়িবাঁধের ওপর। সেখানে টিনের ঘর তুলে কোনো রকমে দিন কাটাচ্ছেন তিনি। একই অবস্থা তার প্রতিবেশী আফসারেরও। একসময় এ এলাকায় অর্ধশত পরিবার বসবাস করলেও নদীভাঙন ও লবণাক্ততার কারণে অনেকেই ভিটেমাটি ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় চলে গেছেন। যারা এখনো টিকে আছেন, তাদের জীবন কাটছে অনিশ্চয়তার মধ্যে।
মাঠপর্যায়ের এই সংকটের বিষয়ে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, আজকের এই দিনে অর্থাৎ ২০০৭ সালের ১৫ নভেম্বর আমাদের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী সুপার সাইক্লোন ‘সিডর’-এর ভয়াল স্মৃতির কথা স্মরণ করে আজও আমাদের বুক কেঁপে ওঠে। সিডরের সেই ভয়াল রাতে সর্বস্ব হারানো মানুষের আর্তনাদ এবং উপকূলের ব্যাপক ক্ষয়ক্ষতি আমাদের জাতীয় ইতিহাসে এক গভীর ক্ষত তৈরি করেছিল। সিডরের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষার্থে প্রয়োজন আরও সুদৃঢ় ও টেকসই প্রস্তুতি।
বর্তমান সরকারের দূরদর্শী পদক্ষেপে উপকূলীয় এলাকায় অনেক সাইক্লোন শেল্টার, টেকসই বেড়িবাঁধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, যা দুর্যোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে এনেছে। তবে আমাদের ইউনিয়নের বেশ কয়েকটি স্লুইসগেট নষ্ট থাকায় বাধ্য হয়ে অনেকে ঘেরে পানি তোলার জন্য পাইপ ব্যবহার করছেন। বেড়িবাঁধ কেটে বা ওপর দিয়ে পাইপ বসানোর ফলে বাঁধের ক্ষতি হচ্ছে- এটি সত্যি। স্লুইসগেটগুলো দ্রুত মেরামত করা গেলে পাইপের ওপর নির্ভরতা কমবে এবং বাঁধের নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের উপকূলের মানুষের পূর্ণ নিরাপত্তার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং আগাম সতর্কবার্তা ব্যবস্থার আরও আধুনিকায়ন অত্যন্ত জরুরি।’
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, উপকূলের মানুষের জীবনমান রক্ষা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের দাবিগুলোর যথাযথ মূল্যায়নের পাশাপাশি সরকারিভাবে টেকসই প্রকল্প গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে। ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।
দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ আজ উপলব্ধি করেছে যে, কেবল দুর্যোগের পর ত্রাণ বিতরণ করে উপকূল রক্ষা করা সম্ভব নয়। দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ জনপদ চিহ্নিত করে স্থায়ী সমাধান করা জরুরি। তাদের প্রধান দাবিগুলো হলো:
উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও গুরুত্ব বিবেচনা করে একটি নির্দিষ্ট দিনকে ‘জাতীয় উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করা।
সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও সাতক্ষীরার উপকূলবাসীর দীর্ঘশ্বাস থামেনি। আজকের এই দিনে কেবল স্মরণসভা নয়, উপকূলীয় জনপদের স্থায়ী নিরাপত্তা, টেকসই বাঁধ নির্মাণ এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজন জোরালো জাতীয় পদক্ষেপ। সাতক্ষীরার উপকূল সুরক্ষিত থাকলেই কেবল সুরক্ষিত থাকবে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের প্রাণ ও প্রকৃতি।





