সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে ফরিদগঞ্জে সরকারি গাছ কর্তনের অভিযোগ
চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ১৯-বি আনন্দ বাজার খালের পাড়ে থাকা রেইন্ট্রি, কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ এনে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী এবং জব্বার মাস্টারের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ স্থানীয় একটি চক্রের মাধ্যমে খালের পাড়ের গাছগুলো বিক্রি করা হয়। অভিযোগে বলা হয়েছে, ওই বিক্রয় কার্যক্রমে হুমায়ুন কবির কাজী মধ্যস্থতা করেন এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই বিষয়টি নিয়ে তদন্ত করে পানি উন্নয়ন বোর্ড।
এ ঘটনায় ২২ জুলাই ২০২৬ ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির কাজী। তিনি বলেন, এ সম্পত্তি আমাদের দুই বাড়ির ব্যক্তিমালিকানাধীন। বিশেষ করে গাছগুলো আমার শ্বশুরের হাতে লাগানো। এগুলো আমাদের নিজস্ব গাছ, তাই আমরা বিক্রি করেছি।
লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন মজুমদার বলেন, সরকারি খালের পাড়ের গাছ বিক্রির অভিযোগে ২২ জুলাই ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




