সারাদেশ

পদ্মার তীব্র স্রোতে ফরিদপুরের সদরপুরে ভাঙন অব্যাহত: মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা জনপদের

​শিমুল তালুকদার
সদরপুর (ফরিদপুর) থেকে
পদ্মা নদীর পানি কমলেও কমছে না এর ভয়ংকর রূপ। ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে তীব্র স্রোতের কারণে নতুন করে দেখা দিয়েছে তীব্র নদীভাঙন। চোখের পলকে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি ও বসতবাড়ি। হুমকির মুখে পড়েছে ২০০ বছরের প্রাচীন পিঁয়াজখালীর হাট, বাজার, আশ্রয়ণ প্রকল্প এবং বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
​স্থানীয়দের অভিযোগ, উজান থেকে শুরু হওয়া নদী শাসনের কাজ অসমাপ্ত থাকা এবং মাঝপথে তা স্থগিত হয়ে যাওয়ায় নদীর মূল প্রবাহ সরাসরি সদরপুর অংশের দিকে ধেয়ে আসছে। এলাকার এমন তীব্র স্রোত এর আগে কখনো দেখেননি স্থানীয় বাসিন্দারা।
​সর্বস্ব হারাচ্ছেন স্থানীয়রা
সরেজমিনে দেখা যায়, সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ঘাট, চেয়ারম্যান ঘাট, মুন্সীরচর এবং পার্শ্ববর্তী চরনাছিরপুর ইউনিয়নের বাবুরালি মোল্যার কান্দি, শিমুলতলী, নাজির শিকদার কান্দি, মনিরদ্দিন ফকির কান্দি, কাজি কান্দি ও শিকদার কান্দি এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। বসতবাড়ি বাঁচাতে অনেকে ঘর সরিয়ে নিলেও কৃষকদের শেষ সম্বল ফসলি জমিগুলো রক্ষা করা সম্ভব হচ্ছে না। পাক ধরতে শুরু করা ধান কেটে বাধ্য হয়ে গোখাদ্য হিসেবে ঘরে তুলছেন অসহায় কৃষকেরা।
​ঝুঁকিতে প্রাচীন হাট ও শিক্ষাপ্রতিষ্ঠান
নদীভাঙনের কারণে চরম হুমকির মুখে রয়েছে চরনাছিরপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ভবন, শতবর্ষী পিঁয়াজখালী হাট, জনসংঘ আদর্শ উচ্চবিদ্যালয়, চরনাসির উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর শঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আগামী মৌসুমের আগেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এই জনপদ।
​ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বয়াতি জানান, চোখের সামনে মাত্র কয়েক মিনিটে বড় একটি অংশ নদীগর্ভে তলিয়ে যেতে দেখেছেন তারা। ভাঙনের এই আগ্রাসী রূপ আগে কখনো দেখা যায়নি।
​চরনাছিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে এবং আশ্রয়ণ প্রকল্পের ভবনটিও চরম ঝুঁকিতে রয়েছে।
​প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, “এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি সরকার অবগত আছে। পদ্মা নদী শাসনের বিষয়টি একটি প্রকল্প আকারে একনেকে (ECNEC) অনুমোদনের জন্য পর্যালোচনার অধীনে রয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন, আশা করছি খুব দ্রুত এর স্থায়ী সমাধান মিলবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,