তারাগঞ্জে গণসংযোগে আজহার পুত্র
জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার ছেলে তাসনিম আজহার সুমন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) তাসনিম আজহার সুমন স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারাগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে তাসনিম আজহার সুমন ভোটারদের উদ্দেশ্যে তার বাবার বিভিন্ন উন্নয়ন ভাবনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, এটিএম আজহারুল ইসলাম নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার এবং সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এটিএম আজহারুল ইসলাম এর আগে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচন করলেও বিজয়ী হতে পারেননি। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় আসনটিতে তিনি তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছেন বলে দাবি করছেন দলীয় নেতাকর্মীরা।
প্রচারকালে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা জানান, এটিএম আজহারুল ইসলাম একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতা। তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে তারাগঞ্জ উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





