নওগাঁয় চলন্ত ট্রেন হতে নামতে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আহত এমরান মিয়া বাগেরহাট জেলায় কর্মরত আছেন। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এমরান মিয়া রাতে খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনে করে তার শ্বশুরবাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে স্টপেজ না থাকায় গতি কিছুটা কমিয়ে দেয়। এসময় এমরান মিয়া চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। মুহূর্তেই ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আহত পুলিশ সদস্যের শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার স্থায়ী বা গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।





