কলমাকান্দায় পরিবেশ রক্ষায় স্থায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলমাকান্দা,(নেত্রকোনা)প্রতিনিধি
পরিবেশ রক্ষায় স্থায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াতে নেত্রকোনার কলমাকান্দায় একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার, ১৭ মে ২০২৬ সকাল ১০টায় বালুচড়া সেক্রেড হার্ট উচ্চ বিদ্যালয়ের হলরুমে কারিতাস আলোক কোর-২ প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় কলমাকান্দার বিভিন্ন গ্রামের ৩০ জন আদিবাসী প্রতিনিধি অংশ নেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল আদিবাসী জনগোষ্ঠীকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা। বিশেষ করে প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্যের কারণে পরিবেশ, মাটি ও পানিতে যে ক্ষতিকর প্রভাব পড়ে তা তুলে ধরা হয়। পাশাপাশি দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালার সেশন পরিচালনা করেন কলমাকান্দার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মি. সৌহার্দ্য দারিং, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোর-২ প্রকল্পের কৃষি অফিসার মিস এনা নকরেক এবং একই প্রকল্পের ফিল্ড অফিসার মিসেস সূচনা রুরাম।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষা ও টেকসই জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




