ফরিদগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ সোহেল রানা:
চাঁদপুরের ফরিদগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ফরিদগঞ্জের ধানুয়া আল জামিয়াতুল আরাবিয়া আশরাফুল উলুম মাদরাসায় দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা ৫, ১০, ২০ ও ৩০ পারা গ্রুপে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রতিটি গ্রুপ থেকে যোগ্যতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়। পরে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী আব্দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন বলেন, পবিত্র কুরআনের হিফজ সংরক্ষণ, বিশুদ্ধ তিলাওয়াত চর্চা এবং হাফেজদের মেধা ও যোগ্যতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কুরআন হিফজের প্রতি আগ্রহ বাড়বে এবং তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে। তিনি শিক্ষার্থীদের কুরআনের শিক্ষা জীবনে বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন ও অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু হানিফ।
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা আবু হানিফ বলেন, শিক্ষার্থীদের পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি, হিফজের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মেধাবী হাফেজদের উৎসাহিত করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ করে দেয়। তিনি প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কুরআনের খেদমতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আবু বকর, সহসভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান কাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ত্বহা খান, অর্থ সম্পাদক মুফতি নজরুল ইসলাম জিহাদী, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আলাউদ্দীন বিন সিদ্দিক ও দপ্তর সম্পাদক মাওলানা আকরাম হুসাইনসহ স্থানীয় আলেম, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন মাদরাসার প্রতিনিধিরা।




